গাজীপুরে কলেজ শিক্ষক খুনের পরদিন মামলা, আসামি ভাই-ভাতিজারা
গ্রামে নিজের জমিতে কাজ করার সময় ওই কলেজ শিক্ষককে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তারই ভাই-ভাজিতাদের বিরুদ্ধে।
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে কলেজ শিক্ষক খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে তার দুই ভাই ও দুই ভাতিজাকে আসামি করা হয়েছে।
সোমবার সকালে নিহতের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন বলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান।
আসামিরা হলেন- নিহতের আপন বড় ভাই মোহাম্মদ আলী, ছোট ভাই মজিবর রহমান এবং মজিবরের দুই সন্তান সুমন ও সেজান।
রোববার দুপুরে গ্রামে নিজের জমিতে কাজ করার সময় কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুনকে (৫৫) লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তারই ভাই-ভাজিতাদের বিরুদ্ধে।
উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রেজা মামুন কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।
ওসি নাসিম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশের অভিযান চলছে।
আরও পড়ুন:
