২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের ২ যাত্রীর

আহত বাকি ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরে ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের ২ যাত্রীর

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। 

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 08:45 PM

Updated : 13 Aug 2023, 08:45 PM

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার দুপুর ৩টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উপজেলার প্রেমবাগের এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দীন আহম্মেদ।

নিহতরা হলেন- যশোর সদরের ঘুনি এলাকার বাসিন্দা সৈয়দ মোল্লা (৬০) এবং আরেক জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হামিদ উদ্দীন আহম্মেদ বলেন, দুপুরে বসুন্দিয়া থেকে সাতজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিল।

তিনি বলেন, পথিমধ্যে ওই এলাকার শাহিদা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়।

“এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী দুই যাত্রী নিহত হয়। এ সময় ইজিবাইকের চালকসহ আহত ছয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা।”

ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।