১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজাহান ওমরের মূল প্রতিদ্বন্দ্বী সরলেন, কারণ জানাবেন ‘অন্য কোনোদিন’

“আদর্শিক রাজনীতি দিন দিন শেষ হয়ে যাচ্ছে, এটার একটা সংকট রয়েছে।”

শাহজাহান ওমরের মূল প্রতিদ্বন্দ্বী সরলেন, কারণ জানাবেন ‘অন্য কোনোদিন’

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনির।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 08:01 PM

Updated : 26 Dec 2023, 08:06 PM

বিএনপি নেতা থেকে হঠাৎ করেই নৌকার মাঝি হওয়া ঝালকাঠি-১ আসনের শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির ভোটের মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

প্রতীক নিয়ে টানা এক সপ্তাহ প্রচার চালানোর পর মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রাজাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে ঘোষণা দেন মনির।

“বড় ছেলে অসুস্থ, অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শে সে তিন সপ্তাহের পর্যবেক্ষণে আছে”- একে ভোট থেকে সরে যাওয়ার কারণ হিসেবে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ঈগল প্রতীকের প্রার্থী।

দলীয় চাপ কিংবা অভিমানে নির্বাচন থেকে সরে যাচ্ছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভেজা চোখে মনির বলেন, “সেই প্রশ্নের উত্তর অন্য কোনোদিন দেব।”

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীরউত্তম নানা নাটকীয়তার পর নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পান। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তারা জোট সরকারের শাসন আমলে নির্যাতনের অভিযোগ তুলেন।

এর মধ্যেই ২০ ডিসেম্বর রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী এ এইচ এম খায়রুল আলম সরফরাজ বলেন, তারা নৌকার প্রার্থীর পক্ষে নয়; কাজ করবেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে।

এরপর রাতে বরিশাল নগরীর বগুড়া রোডের বাসায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর উপস্থিতিতে রাজাপুর উপজেলার নেতাদের সঙ্গে শাহজাহান ওমরের বৈঠক হয়। সেখানে দুপক্ষের দ্বন্দ্বের অবসান হয় বলে নেতারা জানান।

পরদিন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা নৌকা মার্কার প্রার্থীকে সাড়ম্বরে বরণ করে নেন।

তার পাঁচদিনের মাথায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে আবেগআপ্লুত মনির বলেন, “আদর্শিক রাজনীতি দিন দিন শেষ হয়ে যাচ্ছে, এটার একটা সংকট রয়েছে। রাজনীতি থেকে আদর্শিক নেতাকর্মী আমরা দিন দিন হারিয়ে ফেলছি। আজকে যদি দলে আদর্শিক নেতাকর্মীর মূল্যায়ন না থাকে তবে রাজনীতি ও দেশ দুর্বল হবে।

তবে আগামী দিনগুলোতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে নেতাকর্মীদের নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

পুরানো খবর:

‘বর্জনের পর’ শাহজাহান ওমরকে গ্রহণ রাজাপুর আওয়ামী লীগের

পুরানো খবর:

রাজাপুরের ‘নাবালকদের’ কীভাবে আনতে হয় জানা আছে: শাহজাহান ওমর

পুরানো খবর:

শাহজাহান ওমরকে বর্জনের ঘোষণা রাজাপুর আওয়ামী লীগের

পুরানো খবর:

ঝালকাঠি-১: প্রচারে নামলেন মনির, ধীর গতিতে শাহজাহান

এ সংবাদ সম্মেলনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজসহ জেলা ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির ২০১৪ ও ২০১৮ সালে দলের মনোনয়ন চেয়েও ব্যর্থ হন। 

শাহজাহান ওমর এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মনির সরে যাওয়ায় এখন এই আসনে আর ছয়জন প্রতিদ্বন্দ্বী আছেন।