১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুর ম্যাচেই বাংলাদেশ দলে দেখা যেতে পারে ‘কানাডিয়ান’ সামিতকে

সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার সব পথ এখন উন্মুক্ত, নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

সিঙ্গাপুর ম্যাচেই বাংলাদেশ দলে দেখা যেতে পারে ‘কানাডিয়ান’ সামিতকে
সামিত সোম। ছবি: সামিতের ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 11:08 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

জন্ম নিবন্ধন, বাংলাদেশি পাসপোর্ট, কানাডিয়ান সকার অ্যাসোসিশেনের ছাড়পত্র- এগুলো পেয়েছিলেন আগেই, এবার ফিফার প্লেয়ার্স স্ট্যাস্টাস কমিটির অনুমোদনও পেলেন সামিত সোম। তাতে বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকল না এই মিডফিল্ডারের।

গত ২০ এপ্রিল জন্ম নিবন্ধনের কাগজ পেয়েছিলেন সামিত। ১ মে পেয়ে যান কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর তার হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়ার কার্যক্রম শুরু করে বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে); ৫ মে বাংলাদেশের পাসপোর্টও পেয়েও যান সামিত। 

লাল-সবুজের জার্সিতে খেলার জন্য বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পাওয়া বাকি ছিল। মঙ্গলবার সেটা পেয়েও গেলেন তিনি। ফলে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাংলাদেশের হয়ে খেলার পথে আর কোনো অন্তরায় থাকল না বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

“সামিতের পাসপোর্ট হাতে পেয়েই আমরা ফিফায় আবেদন করেছিলাম। আজ একটু আগে ফিফা ফিরতি মেইলে জানিয়েছে, তাঁর বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই। তারা সব ছাড়পত্র দিয়ে দিয়েছে। আশা করি, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সে খেলবে।”

সামিতের বেড়ে ওঠা কানাডায়, ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে তিনি দুটি ম্যাচও খেলেছেন। ক্লাব ফুটবলে বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলছেন তিনি।

সামিতের বাবা-মা বাংলাদেশি হওয়ায় লাল-সবুজের জার্সিতে খেলার দুয়ার খোলা ছিল তার সামনে। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর আরও অনেকের মতো তিনিও আগ্রহী হয়ে ওঠেন। এখন স্বপ্ন পূরণের দোরগোড়ায় সামিত।

আগামী ১০ জুন এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছাড়পত্র পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলার সম্ভাবনা জোরাল হলো আরও।

গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। ওই ম্যাচে গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ।