১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ভারতীয় গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 03:30 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহতের খবর দিয়েছে পুলিশ। এ সময় ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

রোববার রাত পৌনে ১২টায় উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি আব্দুল কাদের।

নিহত মো. সাকিব (১৮) উপজেলার নন্দনগর গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে।

গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি আব্দুল কাদের বলেন, রাত পৌনে ১২টায় বিএসএফের গুলিতে সাকিব আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা নেওয়ার পথে রাত সাড়ে ১২টায় মারা যায়। এ ছাড়া বিস্তারিত কিছু জানা যায়নি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, “মাদলা সীমান্তে এক বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। এ সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হন। 

“গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়। ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে আসেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।”

সাকিব ও ভারতীয় নাগরিক মোটরসাইকেল চোরাচালানে যুক্ত ছিলেন বলে জানান ইউএনও।

এ বিষয়ে সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।