২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে গুলিতে চোখ নষ্ট যুবকের, সাবেক এমপি বাহারের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

মামলায় অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আন্দোলনে গুলিতে চোখ নষ্ট যুবকের, সাবেক এমপি বাহারের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
আ ক ম বাহাউদ্দীন বাহার

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 08:22 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় গুলিতে যুবকের এক চোখ নষ্ট ও শরীরে গুলি লাগার অভিযোগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে প্রধান আসামি করে আদালতে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার জৈষ্ঠ্য বিচারিক হাকিম ৯ নম্বর আমলি আদালতে মোহাম্মদ গোলাম মোস্তফা নামে এক বিএনপি নেতা মামলাটি করেন বলে বাদীপক্ষের আইনজীবী আইনজীবী চৌধুরী মুহাম্মদ আহাদ জানান।

তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর (নথিভুক্ত) করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় বাহারসহ ৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি।  

গুলিতে বাম চোখ হারানো যুবক মো. সাগর হোসেন (২১) জেলার দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের আবদুল মমিনের ছেলে। 

মামলার বাদী গোলাম মোস্তফা কুমিল্লা নগরের ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি এবং কুমিল্লা কোটবাড়ি এলাকার ফার্নিচার ব্যবসায়ী। 

গুলিবিদ্ধ সাগর হোসেনকে নিজ দোকানের কর্মচারী বলে মামলায় উল্লেখ করেছেন মোস্তফা। এ মামলায় তিন নম্বর আসামি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই ওরফে বাবলুকে। 

এছাড়া অন্য আসামিদের বেশিরভাগই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।    

মামলার আরজিতে বলা হয়েছে, গত ১৮ জুলাই বেলা ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডের পূর্ব পাশে কুমিল্লা শহরমুখী সড়কে বিক্ষোভ মিছিল চলছিল। সেখানে অন্য ছাত্র-জনতার মত সাগরও যোগ দেন। একপর্যায়ে প্রধান আসামির (বাহাউদ্দীন) নির্দেশে অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ নিরীহ ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর ঝাপিয়ে পড়ে। ২ নম্বর আসামি তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এসব গুলি সাগরের বাম চোখে, মুখে ও মাথার বিভিন্ন অংশে বিদ্ধ হয়। ৩ নম্বর আসামি হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে সাগরকে হত্যার উদ্দেশ্যে তার বুক লক্ষ্য করে গুলি ছুড়ে। এভাবে অন্য আসামিরা সাগরসহ আন্দোলনরতদের ওপর গুলিবর্ষণসহ হামলা চালায়।

মামলার বাদী মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “সাগর আমার দোকানে প্রায় দশ বছর ধরে কাজ করে। সেদিন আসামিরা তাকেসহ আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। আমরা হামলাকারীদের বিচার চাই। সাগরের একটি চোখ নষ্ট হয়ে গেছে। ছেলেটার পুরো শরীর ছররা গুলিতে ঝাঁঝরা। বলতে গেলে ছেলেটার জীবনই শেষ।”

বাদীপক্ষের আইনজীবী চৌধুরী মুহাম্মদ আহাদ বলেন, “দীর্ঘ আধা ঘণ্টার বেশি সময় শুনানির পর আদালত মামলাটি আমলে নিয়ে সাতদিনের মধ্যে এফআইআর করতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। নিরীহ ছেলেটার বাম চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পুরো শরীরে দেড় শ'র বেশি ছররা গুলির আঘাত। আমরা বিশ্বাস করি, বাদীপক্ষ ন্যায় বিচার পাবে।”

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, “এখনো আদালতের নির্দেশনাসহ মামলার কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি। মামলার কপি হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”