খাগড়াছড়িতে বিরল প্রজাতির তক্ষক পাচারকালে গ্রেপ্তার ৪
২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তক্ষক সংরক্ষিত প্রাণী।
খাগড়াছড়িতে বিরল প্রজাতির তক্ষক পাচারকালে চারজনকে গ্রেপ্তার করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান।
এ ছাড়া আদালতের নির্দেশে তক্ষকটি খাগড়াছড়ি বিভাগীয় বন কার্যালয় সংলগ্ন সবুজ বনে অবমুক্ত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রামগড় উপজেলার নাকাপা ৬ নম্বর ওয়ার্ডের মৃত কবির সিকদারের ছেলে মো. শাহাদাৎ হোসেন (৩০), রামগড় ২ নম্বর পাতাছড়ার মো. আহসান উল্লাহর ছেলে মো. আলী আজম ওরফে রাকিব মিঞা (৩০), আহম্মদ সোবাহানের ছেলে মো. নাজমুল আলম এবং কক্সবাজার চকরিয়ার উপজেলার রামপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. ইসহাকের ছেলে মো. বেলাল উদ্দিন (৫৪)।
বনবিভাগ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও পুলিশ অভিযান চালিয়ে রামগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বাজারের মুন্সী বাড়ির সামনে থেকে একটি তক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করে।
বন কর্মকর্তা ফরিদ মিঞা জানান, ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তক্ষক সংরক্ষিত প্রাণী।
