১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ত্বকী হত্যা: এবার আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেপ্তার

২০১৩ সালের ৮ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

ত্বকী হত্যা: এবার আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার জামশেদ শেখ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 01:54 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে; যিনি আজমেরী ওসমানের গাড়িচালক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার ভোর পৌনে ৫টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান।

গ্রেপ্তার জামশেদ শেখ (৩৬) নড়াইলের লোহাগড়া উপজেলার প্রয়াত আবু জাফর শেখের ছেলে।

ত্বকী হত্যার বর্ষপূর্তির একদিন আগে সংবাদ সম্মেলনে র‌্যাবের শীর্ষ এক কর্মকর্তা জানান, ত্বকীকে হত্যার পর যে গাড়িতে করে লাশ শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেটির চালক ছিলেন জামশেদ। এ সংক্রান্ত একটি খসড়া তদন্ত প্রতিবেদনও সাংবাদিকদের সরবরাহ করা হয়৷

ত্বকী হত্যার ঘটনায় এর আগে রোববার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বর্তমানে তাদের র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজমেরী ওসমান প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। 

২০১৩ সালের ৬ মার্চ বিকালে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকীর বাবা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী।

অভিযোগ রয়েছে, ত্বকী হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন আজমেরী। তার ‘টর্চার সেলে’ নির্মম নির্যাতনে ত্বকীকে হত্যা করা হয়৷