ব্রাহ্মণবাড়িয়ায় নামাজে দাঁড়ানো নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নিহত ১
পুলিশ বলছে, জুমার নামাজে সামনের কাতারে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডার পর হামলা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জুমার নামাজে সামনের কাতারে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডার পর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার উপজেলার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান।
নিহত সিজল মিয়া (৫০) ওই গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, “আলমনগর গ্রামের মসজিদে জুমার নামাজে সামনের কাতারে দাঁড়ানো নিয়ে শাহ আলম ও সিজলের মধ্যে বাগবিতণ্ডা হয়।
“এর জেরে নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে সিজলের ওপর হামলা করে তাকে কিল-ঘুষি মারেন শাহ আলম। সিজল বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তখন প্রথমে তাকে গ্রামের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ওসি আরও বলেন, “অবস্থার অবনতি হলে সিজলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
