বাসেই জন্ম শিশুর, পরিবহনের নামেই নাম, আজীবন ‘ফ্রি’ যাতায়াতের সুযোগ
পুরুষ যাত্রীদের নামিয়ে নারী যাত্রী ও এক ধাত্রীর সহায়তায় সন্তান প্রসব করানো হয়।
ঢাকা থেকে বুড়িমারীগামী চলন্ত বাসে প্রসববেদনা ওঠার পর বাস থামিয়ে এক নারী যাত্রীর সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে বাসের নামেই শিশুটির নাম রাখা হয়।
সোমবার ভোরে ‘আনাস এন্টারপ্রাইজের’ একটি বাস রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে বাসটির সুপারভাইজার মজনু মিঞা বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় শিশুটির জন্য উপহার নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।
এ সময় পরিবহনের মালিক দিপু মিঞার পক্ষ থেকে জানানো হয়, শিশুটি আজীবন এবং তার মা শিশুটি বড় হওয়া পর্যন্ত ‘আনাস এন্টারপ্রাইজের’ বাসে বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন।
শিশুটির মা আবিদা বেগম (২৮) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। পথে হঠাৎ তার প্রসব বেদনা ওঠে।
সুপারভাইজার মজনু মিঞা বলেন, বিষয়টি জানার পর বাসটি একটি পেট্রলপাম্পের সামনে থামানো হয়। পুরুষ যাত্রীদের নামিয়ে দিয়ে নারী যাত্রী ও এক ধাত্রীর সহায়তায় বাসের ভেতরেই আবিদার সন্তান প্রসব করানো হয়। জন্ম নেয় একটি ছেলে শিশু।
পরে মা ও নবজাতককে বড়খাতা এলাকায় নিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় বাসের সুপারভাইজার ও যাত্রীরা মিষ্টি বিতরণ করেন।
শিশুটির নানা আবেদ আলী বলেন, “চিকিৎসক বলেছিলেন আরও কিছুদিন সময় বাকি। তাই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথেই এই ঘটনা ঘটে। আমার মেয়ে ও নাতি দুজনই সুস্থ আছে। বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীরা যেভাবে সহযোগিতা করেছেন, তা ভুলব না।”
তিনি বলেন, “নাতি বাসে জন্ম নেওয়ায় ওই বাসের নামেই তার নাম আনাস হাসান রেখেছি।”
বিষয়টি মালিককে জানালে তিনি শিশুটির জন্য আজীবন বিনা মূল্যে যাতায়াতের ঘোষণা দেন। তার পাঠানো উপহারও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
