পিরোজপুরে নারীকে সড়ক থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
এ ছাড়া ওই নারীর মোবাইল ও বিকাশ পাসওয়ার্ডও ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পিরোজপুর সদর উপজেলার কদমতলায় ইউনিয়নের পান্তাডুবি এলাকায় এক নারীকে সড়ক থেকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর থেকে কদমতলা যাওয়ার পথে জোর করে তুলে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই নারী । এ ছাড়া ওই নারীর মোবাইল ও বিকাশ পাসওয়ার্ডও ছিনতাই করা হয়েছে।
দুই সন্তানের জননী ওই নারী পিরোজপুর পৌরসভার বাসিন্দা।
ওই নারীর অভিযোগে বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়ক দিয়ে ওই নারী পিরোজপুর শহর থেকে কদমতলা উপজেলার দিকে যাচ্ছিলেন।
ওই সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানে পৌঁছার পর স্থানীয় আমিন খান ও ইমরান খান নামে দুই যুবক মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ওই নারীকে জোরপূর্বক কাছেই একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়।
সেখানে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিনিয়ে নেয়। পরে তাকে ছেড়ে দিলে তিনি রাতে পিরোজপুর সদর থানায় এসে বিষয়টি পুলিশকে জানান।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, ওই নারী থানা হেফাজতে রয়েছেন। তার কাছ থেকে বিস্তারিত জেনে এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
