০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

তরুণীর কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 01:49 PM

Updated : 02 Oct 2026, 01:49 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করা হয় বলে শুক্রবার সকালে জানিয়েছেন ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।

আটক মোখলেছুর রহমান মিঠু (৩৫) রশিদ মোড় এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠা অন্যরা হলেন, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ভুক্তভোগী তরুণীর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। ২৫ সেপ্টেম্বর চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নাচ-গানের জন্য ভুক্তভোগীসহ তিন তরুণীকে নিয়ে আসা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে চায়ের আড্ডার দোকানের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, পরে দুই তরুণী চলে গেলেও ভুক্তভোগী এলাকায় থেকে যান। তার অভিযোগ, ২৯ সেপ্টেম্বর থেকে তাকে আটকে রেখে নিয়মিত সামাদের ঘাটসংলগ্ন কাশফুলের ক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করতেন মিঠুসহ অন্যরা। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ভুক্তভোগী ওই ব্যক্তিদের কাছে টাকা চাইতে বৃহস্পতিবার নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে টাকা না দেওয়া নিয়ে বাক-বিতণ্ডায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

পরে স্থানীয়রা খবর দিলে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।

ওসি আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর অপরাধের সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্যও পুলিশের অভিযান অব্যাহত আছে।