০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নাটোরে তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি

এ ঘটনায় গ্রেপ্তার তিন তরুণকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নাটোরে তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি

নাটোরের লালপুরে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন তরুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 04:51 PM

Updated : 05 Oct 2026, 04:51 PM

নাটোরের লালপুরে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের সময় মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই তরুণীর করা মামলায় সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।

এর আগে রোববার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মণ্ডলপাড়া এলাকার মো. আশিক (২২), জৌতদৈবগী গ্রামের মো. শাকিল ইসলাম বাঁধন (২০) এবং একই এলাকার মো. কাজল (২২)। তারা তিনজন বন্ধু।

মামলার বরাতে ওসি শফিকুল ইসলাম বলেন, ১৯ বছরের এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আশিক। শনিবার বিকালে ওই তরুণীকে লালপুর গ্রীণভ্যালি পার্কে ঘুরতে নিয়ে যান আশিক।

“ঘোরাঘুরি শেষে সেখান থেকে মেয়েটিকে নিয়ে আশিক ও তার বন্ধু কাজল আরেক বন্ধু শাকিলের বাড়িতে নিয়ে যান। সেখানে প্রথমে আশিক ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় দূর থেকে মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেন অপর দুই বন্ধু।

“কিছুক্ষণ পর তারা কক্ষে গিয়ে ধারণ করা ভিডিও ও ভয়ভীতি দেখিয়ে তরুণীকে আবার ধর্ষণ করেন। পরে মেয়েটিকে অটোরিকশা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে পৌঁছানোর পর প্রথমে পুলিশ পরিচয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির কাছে থেকে ৬০ হাজার টাকা আদায় করা হয়। পরে আবার হুমকি দিয়ে আরও ২০ হাজার টাকা দাবি করেন তারা।”

পরে ভুক্তভোগী তরুণী বিষয়টি তার পরিবারে জানান এবং লালপুর থানায় অভিযোগ করেন বলে জানান ওসি শফিকুল ইসলাম।

তিনি বলেন, ভুক্তভোগী তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। গ্রেপ্তারদের জেলহাজতে পাঠানো হয়েছে।