২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রংপুর ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রংপুর ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

ইয়াছিন আরাফাত শুভ

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 07:51 PM

Updated : 09 Aug 2023, 09:49 PM

রংপুরের পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রলীগের এক সহ সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব প্রিন্স।

এর আগে গত ২৬ জুন রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত শুভকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলাটি করেন ওই গৃহবধূ।

মামলার নথি থেকে পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ওই গৃহবধূ গত ২৫ জুন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগ নেতা শুভ পেছন থেকে গৃহবধূর মুখ চেপে ধরে জোর করে পাশের এক মাটির ঘরে নিয়ে যান এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর স্বামী টর্চ নিয়ে বের হয়ে ধর্ষণরত অবস্থায় দেখে চিৎকার দিলে শুভ পালিয়ে যান। পরদিন ওই গৃহবধূ থানায় মামলা করেন।

পুলিশ বলছে, মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত শুভ।

রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহসান চপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভর বিরুদ্ধে ধর্ষণের মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ বলেন, “আমরা আদর্শের জায়গা থেকে ছাত্ররাজনীতি করি। ছাত্রলীগে কোনো অপরাধীর ঠাঁই নেই। বিষয়টি আরও ভালোভাবে জেনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

পীরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত আছে।”