২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পূর্ব বিরোধের জেরে’ পাবনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

পুলিশ জানায়, স্থানীয় এক মসজিদের ওরস অনুষ্ঠানে আবুল কাশেমের সঙ্গে কথাকাটাকাটি হয় সামির ও তার বাবার।

‘পূর্ব বিরোধের জেরে’ পাবনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

পাবনা সদর থানা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 09:58 PM

Updated : 25 Feb 2024, 09:58 PM

পাবনায় ‘পূর্ব বিরোধের জেরে’ একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার বিকেলে পাবনা পৌরসভার শালগাড়িয়ার তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি রওশন আলী জানান।

নিহত আবুল কাশেম (৩২) তালবাগান এলাকার বাসিন্দা। তিনি পাবনার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন।

স্থানীয়দের বরাতে ওসি রওশন আলী বলেন, কয়েকদিন আগে স্থানীয় এক মসজিদের ওরস অনুষ্ঠানে আবুল কাশেমের সঙ্গে কথাকাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার বাবা সুলতানের ৷ পরে স্থানীয়রা সেটি মীমাংসা করে দেয়। এরপর বিকালে আবুল কাশেম সামিরের বাড়ির দিকে গেলে তার বাবা সুলতান সেটা দেখতে পান৷

“পরে সুলতান বাড়ি থেকে একটি ছুরি এনে আবুল কাশেমকে আঘাত করতে শুরু করে। এ সময় সামিরের নেতৃত্বে আরও সাত-আটজন যুবক সেখানে উপস্থিত হলে তাকে এলোপাতাড়ি আঘাত করে।”

তিনি বলেন, এক পর্যায়ে আবুল কাশেমের মাটিতে পড়ে গেলে সেখান থেকে পালিয়ে যান তারা৷ পরে স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।