২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের রাজারহাটের চামড়া বাজার জমেনি, দাম নিয়ে অসন্তোষ 

রাজারহাট মোকামে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক আড়ৎ রয়েছে।

যশোরের রাজারহাটের চামড়া বাজার জমেনি, দাম নিয়ে অসন্তোষ 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চামড়ার বড় মোকাম যশোরের রাজারহাট বাজার। 

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 12:08 AM

Updated : 02 Jul 2023, 12:08 AM

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চামড়ার বড় মোকাম যশোরের রাজারহাটে শনিবার যোগান ছিল কিছুটা কম। ঈদ পরবর্তী প্রথম হাটে অল্প চামড়া নিয়ে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা এলেও দামের ব্যাপারে সবাই অসন্তোষের কথা শুনিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী মঙ্গলবারেও হাট হয়ত পুরোপুরি জমবে না। পরের শনিবার পুরোপুরি জমবে হাট।

রাজারহাট মোকামে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক আড়ৎ রয়েছে। শনি ও মঙ্গলবার দুইদিন বসে হাট।

এখানে খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও ফরিদপুর, রাজশাহী, পাবনা, নাটোর এবং ঢাকার বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন।

রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আকিল আহমেদ বলেন, গত কয়েক বছরের মত এবারও কোরবানির পশুর চামড়ার যৌক্তিক দাম মেলেনি এখানে। গরুর চামড়া বিক্রি হয়েছে সরকার নির্ধারিত দরের চেয়ে কমে।

গরুর চামড়া মানভেদে ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও দাম বলছে না ছাগলের চামড়ার।

আড়ৎদারদের দাবি, সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন তারা। মৌসুমী ব্যবসায়ীদের চামড়া সিলেকশনে সমস্যা থাকায় দাম নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

আড়ৎদার হাসানুজ্জামান হাসু বলেন, “একটি ৪০ ফিটের চামড়ার দাম যা হওয়া উচিৎ সেই টাকা দিয়ে মৌসুমী ব্যবসায়ীরা ছোট আকারের চামড়া কিনেছেন। এরপর আজ হাটে এসে বেশি দামে বিক্রি করতে চাইছে।

“আড়ৎদার কেন ছোট আকারের চামড়া বড় চামড়ার দামে কিনবে? এ ছাড়া চামড়া প্রক্রিয়ায় লবণের দামসহ মজুরি খরচ বেড়েছে।“

এদিকে ছাগলের চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। দাম একেবারে নিম্ন পর্যায়ে।

বিকাশ দাস নামে একজন সকাল সাড়ে ৯টার দিকে বলেন, তিনি সকাল সাড়ে ৫টার সময় ৫০ পিস চামড়া নিয়ে হাটে এসেছেন। কিন্তু বেচতে পারেননি। প্রতিটি চামড়ার দাম বলা হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। কিন্তু খরচসহ প্রতিটি চামড়ার দাম পড়েছে প্রায় ১০০ টাকা।

রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল বলেন, অর্থ সংকটে অনেকে চামড়া কিনতে পারছেন না। ট্যানারি মালিকদের পাশাপাশি প্রান্তিক ব্যবসায়ীদেরও ঋণ দেওয়ার দাবি করেন তিনি।