নরসিংদীতে ট্রাকে ধাক্কা দিয়ে কভার্ডভ্যানের চালক ও সহকারী নিহত
পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটমুখী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
নরসিংদীতে কভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে বেলাব উপজেলার নারায়ণপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে ভৈরব হাইওয়ে পুলিশের ওসি সফর উদ্দিন জানিয়েছেন।
নিহতদের একজন কভার্ডভ্যানটির চালক সুমন মিয়া, অপরজন চালকের সহকারী কামরুল ইসলাম। তবে তাদের বিস্তারিত ঠিকানা জানতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরে কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটমুখী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় কভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।
ওসি সফর উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থলে ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি। পিকআপ ভ্যান চালক ও সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।
