ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ সদস্য আহত
তবে আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে।
ফরিদপুর শহরে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদউজ্জামান জানান।
আহতরা হলেন- ফরিদপুর কোতোয়ালী থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার ও এএসআই কর্ণ কুমার হালদার।
পুলিশ জানায়, আসামি রাব্বী হাসান বাপীকে (৩০) ধরতে এসআই ফাহিম, এএসআই কর্ণ ও সেলিমুজ্জামান অভিযানে যান। তারা তাকে বাড়ি থেকে আটক করেন। পরে নিয়ে আসার সময় আসামিকে ছিনিয়ে নিতে বাপীর প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাম চোখে ঘুষি মারে। এ সময় আসামি রাব্বি এএসআই কর্ণকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। তবে আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে।
এসআই ফাহিম ও এএসআই কর্ণকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন, “হামলার অভিযোগে শেখ রুস্তমকেও থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন করে একটি মামলার প্রস্তুতি চলছে।”
