জামালপুরে নৌকা ও ট্রাক সমর্থকের সংঘর্ষ, পুলিশের গুলি
বেলা ১১টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়ায়; ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ভোটগ্রহণ স্বাভাবিক হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে একটি ভোটকেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় ভোটগ্রহণ স্বাভাবিক হয়।
সকালে সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন নৌকার নির্বাচনি এজেন্ট মুমিনুল ইসলাম ও রমজান আলী। তাদের মধ্যে মুমিনুলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বেলা ১১টার দিকে চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের আবদুর রশীদের লোকজন সংঘর্ষে জড়ায়।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এখন ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক আছে।”
বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান বলেন, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়; পরে পরিস্থিতি শান্ত হয় যায়।
