২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গরমে অসুস্থ ৫ শিক্ষার্থী, একজনের মৃত্যু

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম বলেন, অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোকে’ সুরজিত বসাকের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 12:32 AM

Updated : 15 Jun 2023, 12:32 AM

খুলনার ডুমুরিয়ায় পরীক্ষা দিতে যাওয়ার পথে গরমে অসুস্থ হয়ে এক স্কুলছাত্র মারা গেছে। এছাড়া রূপসা উপজেলায় পরীক্ষা চলাকালে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। 

মারা যাওয়া সুরজিত বসাক ডুমুরিয়া উপজেলার রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, মঙ্গলবার বিদ্যালয়ে যাওয়ার পথে প্রচণ্ড গরমে সুরজিত অসুস্থ হয়ে পড়ে। তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নাঈম বলেন, অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোকে’ সুরজিত বসাক নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রূপসায় পরীক্ষা চলাকালে ৫ শিক্ষার্থী অসুস্থ  

প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা চলাকালে মঙ্গলবার রূপসা উপজেলার কাজদিয়া বালিকা বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, পরীক্ষা চলাকালে হঠাৎ করে ৬ষ্ঠ শ্রেণির তনুসকা শীল, বৈশাখী, রেক্সোনা ও সানজিদা এবং ১০ম শ্রেণির মুনিয়া অসুস্থ হয়ে পড়ে। 

“ওই সময় বিদ্যুৎ ছিল না। তাদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের ভর্তি করে নেন।” 

পরে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানানো হয় বলে তিনি জানান। 

রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, তীব্র গরমে তারা অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়ার পর মোটামুটি সুস্থ হলে তাদের বাড়ি পাঠানো হয়।