২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্ত্রীর মামলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কারাগারে

১১ জুন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের নয় দিনের মাথায় তাকে কারাগারে যেতে হল৷

নারায়ণগঞ্জে স্ত্রীর মামলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কারাগারে
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 06:26 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

স্ত্রীর করা যৌতুকের মামলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত৷

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ জানান৷

এর আগে মাকসুদ হোসেন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তবে তার আবেদন নাকচ করে দেন বিচারক। 

জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন গত ৮ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন৷  গত ১১ জুন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি৷

গত ২৩ এপ্রিল মাকসুদের দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। 

শুনানি শেষে আদালত মামলা রেকর্ড করে বিষয়টি তদন্তের জন্য বন্দর থানাকে নির্দেশ দেয়৷ পরদিন থানায় মামলাটি রেকর্ড হয়৷

মামলার নথি থেকে জানা যায়, মাকসুদ হোসেন ১৯৯৮ সালে সুলতানা বেগমকে প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেন। এ পরিবারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। 

বিয়ের দুই বছর পর মাকসুদ তার স্ত্রীর পৈতৃক সম্পত্তির অংশ বিক্রি করে টাকা আনতে চাপ দিতে থাকেন বলে মামলার বাদীর অভিযোগ। 

মামলার এজাহারে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকার করলে আসামি স্ত্রী ও মেয়েকে তার শ্বশুরবাড়ি রেখে যান। এরপর ২০২২ সালের ১১ নভেম্বর আদালতে মামলা করতে বাধ্য হন এ নারী৷

মামলাটি আদালতে বিচারাধীন জানিয়ে সুলতানা অভিযোগ করেন, গত ২১ এপ্রিল মাকসুদ কয়েকজন বন্ধুসহ শ্বশুরবাড়ি গিয়ে তাকে মামলাটি তুলে নেওয়ার হুমকি দেন। এতে সুলতানা ও তার মেয়ে প্রতিবাদ করলে মাকসুদ তাদের মারধর করেন।