২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ রক্ষা: ১০ দিনে বরিশাল বিভাগে ৪০২ জেলের কারাদণ্ড

১০ দিনে তিন লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 10:04 PM

Updated : 23 Oct 2023, 10:04 PM

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ দিনে বরিশালে বিভাগের ৪০২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তিন লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

১২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান বরিশাল মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন।

বিভাগীয় মৎস্য কার্যালয়ের তথ্য মতে, বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি জেলের কারাদণ্ড দেওয়া হয় বরিশাল জেলায়।

১০ দিনে এ জেলায় ৩০৩ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া হয় ভোলায় ৫৮ জনকে। এ ছাড়া পটুয়াখালীতে ৪৭, ঝালকাঠিতে নয় ও বরগুনায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়।

এখন পর্যন্ত পিরোজপুরের কোনো জেলেকে কারাদণ্ড দেওয়া হয়নি। এ সময়ে বিভাগে ৪৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মামলা হয় ৪০৫টি।

এসব অভিযানে আট হাজার ৮১৪ কেজি ইলিশ ও ১৭ হাজার ৯৭৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। নিলাম থেকে আদায় করা হয়েছে ৫৫ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে সহকারী পরিচালক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকৃত জেলেরা মাছ শিকারে যায় না। দণ্ডিতদের মধ্যে সিংহভাগ অন্য পেশার কিংবা অস্থায়ী জেলে। এরা ছোট ছোট জাল ও নৌকা নিয়ে নেমে পড়ে।“

তিনি আরও বলেন, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার মধ্যে বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে;এখন পর্যন্ত ৯০ ভাগ চাল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।