১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে সহিংসতা: আরেকটি হত্যা মামলা, গ্রেপ্তার ৩১৪

রমজান মুন্সী ১৭ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 05:20 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

গোপালগঞ্জে এসসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রমজান মুন্সী নিহতের ঘটনায় আরেকটি হত্যা মামলা হয়েছে। 

এ নিয়ে মোট পাঁচটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ১০ হাজার ১৩৭ জনকে আসামি করা হয়েছে। 

এর মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৮৭ জনের নাম রয়েছে। বাকি নয় হাজার ৪৫০ জন অজ্ঞাত আসামি। এসব মামলায় শনিবার পর্যন্ত ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসব তথ্য জানিয়ে গোপালগগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান দুপুরে বলেন, রমজান মুন্সীর (৩২) ভাই জামাল মুন্সী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শনিবার মামলাটি করেছেন। 

১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে দফায় দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের মধ্যে চারজন নিহত এবং অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হন।

প্রথম দিন নিহত চারজন হলেন- শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৭), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন।

গুরুতর আহত অবস্থায় ১৬ জুলাই রাতেই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। একদিন বাদে বৃহস্পতিবার রাতে সেখানে মারা যান অটোরিকশা চালক রমজান মুন্সী। 

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) নামে আরও দুই গুলিবিদ্ধ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

‘ভাত খেতে বাসায় যাওয়ার পথে মৃত্যু’ 

রমজান মুন্সী হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, ১৬ জুলাই এনসিপির সমাবেশ ঘিরে শহরে যানজট ছিল। তাই ওই দিন রিকশাচালক রমজান মুন্সী ব্যাটারিচালিত রিকশা গ্যারেজে রেখে দুপুরের খাবার খাওয়ার জন্য বিকাল ৩টা ৩৫ মিনিটে বাড়ির উদ্দেশে রওনা দেন। 

পথে তিনি শহরের লঞ্চঘাটের সামনে এসে দাঁড়ান। সেখানে অজ্ঞাত কয়েক হাজার লোক লাঠিসোঁটা, ঢাল-সড়কি, রামদা, ট্যাটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে এনসিপির পৌর পার্কের সমাবেশস্থলের দিকে দৌড়ে যেতে থাকে। তারা লঞ্চঘাট এলাকার দোকানপাট ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেয়। 

এসময় ওই এলাকায় কর্তব্যরত যৌথ বাহিনীর সদস্যরা অজ্ঞাত লোকদের ধাওয়া দিলে তারা উল্টো যৌথ বাহিনীর সদস্যদের ধাওয়া দেয়। তারপর যৌথ বাহিনীর সদস্যদের উপর আক্রমণ করে। এক পর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে হামলাকারীদের ধাওয়া দেয়।

হামলাকারীদের সঙ্গে ধাওয়া খেয়ে রমজান লঞ্চঘাটের ফল পট্টিতে অবস্থান নেয়। এসময় হামলাকারীদের মধ্যে ওত পেতে থাকা অজ্ঞাত দুষ্কৃতকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন যৌথ বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।

এ সময় রমজান নিরাপদে চৌরঙ্গী সিনেমা হলের গলির মধ্যে অবস্থান করেন। বিকাল ৪টা ২০ মিনিটে সিনেমা হলের সামনে দাঁড়ানো অবস্থায় রমজানের বুকের ডান পাঁজরের উপর গুলি লাগে। সেখানে তিনি লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হয়। ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সী ১৭ জুলাই দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের সময় মারা যান। পরের দিন ১৮ জুলাই সেখানে ময়নাতদন্ত শেষে রমজানের মরদেহ গোপালগঞ্জে আনা হয়। রাতে জানাজা শেষে শহরের গেইটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজিবি প্রত্যাহার

সহিংসতার সময় গোপালগঞ্জ শহরে মোতায়েন করা বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

সকালে বিজিবি সদস্যরা যশোরের উদ্দেশে গোপালগঞ্জ ত্যাগ করেন।

বাকি ১১ মামলার তথ্য        

১৯ জুলাই রাতে চার যুবক নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা করে। চার হত্যা মামলায় অজ্ঞাত পাঁচ হাজার ৪০০ জনকে আসামি করা হয়। 

এ ছাড়া গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে দুটি এবং জেলা কারাগারে হামলার ঘটনায় একটি মামলা করা হয়। 

অন্যদিকে বিশেষ ক্ষমতা আইনে কাশিয়ানী থানায় দুটি, কোটালীপাড়ায় একটি এবং টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করে পুলিশ।

গোপালগঞ্জের চারজনের ময়নাতদন্ত না হওয়া নিয়ে হাসপাতালের ব্যাখ্যা

গোপালগঞ্জে ৪ হত্যা মামলা পুলিশের, আসামি আওয়ামী লীগের ৬ হাজার কর্মী

সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহতদের দাফন-সৎকার

গোপালগঞ্জে ৪ মামলায় আসামি তিন হাজার; গ্রেপ্তার ২৭৭

গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরো বাড়ল

রমজান রিকশা চালাতে গিয়েছিল, যাত্রীও ছিল: বলছেন ভাইয়েরা

কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে ১৪৪ ধারা চলছে

গোপালগঞ্জে সকাল থেকে কারফিউ উঠছে, এরপর ফের ১৪৪ ধারা

গোপালগঞ্জে ২ বাইকে অগ্নিসংযোগ: আওয়ামী লীগের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা

কারফিউ শিথিল হলেও গোপালগঞ্জে বাজারঘাট ফাঁকা