২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিক্ষার্থী-ব্যবসায়ী-শ্রমিক সংঘর্ষ: মামলায় ৪শ আসামি

নর্থইস্ট মেডিকেল কলেজে অধ্যরনরত নেপালি দুই ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় রোববার রাতে এ সংঘর্ষ হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 11:03 PM

Updated : 20 Feb 2023, 11:03 PM

সিলেটের দক্ষিণ সুরমায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।

সোমবার অজ্ঞাতনামা তিন থেকে চারশ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয় বলে জানান দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার জানান।

ওসি জানান, সিসিটিভি ভিডিও দেখে দোষীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে এই মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রোববার রাতে সাড়ে ৮টার দিকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

মামলার নথি থেকে জানা যায়, রোববার সন্ধ্যায় নর্থইস্ট মেডিকেল কলেজে অধ্যরনরত নেপালি দুই ছাত্রী ব্যক্তিগত প্রয়োজনে চন্ডিপুলের ফুলকলি মিষ্টির দোকানে যান। দোকান থেকে ফিরে আসার সময় স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার এক চালক তাদের উত্ত্যক্ত করে। ওই অটোরিকশা চালক হাসপাতালের পার্শবর্তী ‘বাদশা টেলিকম’ নামের একটি ফ্লেক্সিলোডের দোকানের মালিকের আত্মীয়।

ওই দুই ছাত্রী কলেজে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানালে কয়েকজন শিক্ষার্থী বাদশা টেলিকমে এসে তা জানান। এ সময় দুপক্ষের মাঝে বাবকবিতন্ডার এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এ সময় স্থানীয় অটোরিকশা চালকরা শিক্ষার্থীদের মারধর করে বলেও মামলায় অভিযোগ করা হয়।

রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে সুমাইয়া কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষ হয়। এ সময় নর্থইস্ট মেডিকেল কলেজ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

এদিকে, সংঘর্ষের প্রতিবাদে সোমবার নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন শিক্ষর্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে উত্ত্যক্তকারী যুবক ও হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন শুরু করবেন।