গাজীপুরে কাপড়ের রংকে খাবারের বলে বিক্রি, জরিমানা
সাইফুল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও ফারুক ট্রেডার্সকে সমপরিমাণ অর্থ জরিমানা করা হয় বলে জানায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
গাজীপুর মহানগরীতে কাপড়ে মেশানো রংকে খাবারের রং বলে বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার চান্দনা-চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
দণ্ডিতরা হলেন- সাইফুল ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম এবং ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন।
ভোক্তা অধিকারের শরীফুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে দুপুরে ওই দুই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে কাপড়ে মেশানো রংকে খাবারের রং বলে বিক্রি করার সত্যতা পাওয়া যায়।
পরে সাইফুল ট্রেডার্সের মালিককে ৫০ হাজার এবং ফারুক ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয় বলে তিনি জানান।
