১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূজা মণ্ডপে ইসলামি সংগীত গভীর ষড়যন্ত্রের অংশ: এ্যানি

“যারা এদেশে গুম-খুন করেছে, লাখ লাখ, কোটি কোটি টাকা পাচার করছে। তারাই (আওয়ামী লীগ) ওপার থেকে বসে আরেকটা ষড়যন্ত্র করছে।”

পূজা মণ্ডপে ইসলামি সংগীত গভীর ষড়যন্ত্রের অংশ: এ্যানি
শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার জিউর আখড়ার দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনে যান বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 12:14 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন করাকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

তিনি বলেছেন, “এটা সনাতন ধর্মের ওপর যেমন আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। এটা গভীর ষড়যন্ত্রের অংশ।”

শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার জিউর আখড়ার দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা এ্যানি বলেন, হিন্দুদের পূজায় যেমন ইসলামি সংগীত তাদের কাছে ভালো লাগবে না, ঠিক একইভাবে মসজিদেও হিন্দুরা যদি কীর্তন করে সেটাও মুসলমানদের ভালো লাগবে না। এগুলো কিন্তু সহ্য করার মত ঘটনা নয়।”

তিনি বলেন, “একটা ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার কৌশলে তারা (আওয়ামী লীগ) নেমেছে। তারা অনেক দূর থেকে টাকা দিচ্ছে আর ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে। 

এ্যানি বলেন, “যারা এদেশে গুম-খুন করেছে, লাখ লাখ, কোটি কোটি টাকা পাচার করছে। তারাই (আওয়ামী লীগ) ওপার (ভারত) থেকে বসে আরেকটা ষড়যন্ত্র করছে। ধর্মের ওপর আঘাতের চেষ্টা কিন্তু তাদের ষড়যন্ত্রের অংশ। “

তিনি আরও বলেন, “আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা পেয়েছি। এখানে ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূইয়া, হাফিজ উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম। 

আরও পড়ুন

চট্টগ্রামে পূজা মণ্ডপে 'ইসলামি সংগীত', জড়িতদের গ্রেপ্তারের নির্দে

মণ্ডপে 'ইসলামি সংগীত' পরিবেশনের অভিযোগে আটক ২