১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইটের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

আটক নুরে আলম ‘মানসিক প্রতিবন্ধী’ বলে দাবি স্বজনদের।

চাঁদপুরে ইটের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক
আটক নূরে আলম (২২)।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 08:46 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ইটের আঘাতে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের দিঘলীপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন।

নিহত রোকেয়া বেগম (৬০) ওই গ্রামের কালু মিয়া প্রধানের স্ত্রী। আটক নুরে আলম (২২) কালু মিয়ার ছেলে।

রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার বলেন, “নুরে আলম মানসিক প্রতিবন্ধী। প্রায় সময় সে আমাকে এবং মাকে মারধর করত। দুপুরে মায়ের সঙ্গে ভাত খেয়ে বের হয় আলম। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে ঘরের দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখি।

“হঠাৎ মাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে একটি ইট নিয়ে মাথায় এলোপাথাড়িভাবে আঘাত করে আলম। রক্তাক্ত অবস্থায় মা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

পরে থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে আলমকে ধরে নিয়ে যায় বলে জানান মায়া আক্তার।

পুলিশ পরিদর্শক ছানোয়ার হোসেন বলেন, রোকেয়া বেগমের পরিবারের লোকজন থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নিহতের ছেলে নুরে আলমকে থানা হেফাজতে নেওয়া হয়।

তিনি বলেন, “মূলত নুরে আলম মানসিক রোগী বলে জানিয়েছে তার পরিবার। তাদের পরিবারের অনেকেই এই রোগে আক্রান্ত। তারপরও তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় কী ধরনের মামলা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।”

রোকেয়া বেগমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক ছানোয়ার।