২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হত্যার হুমকি’নোয়াখালীর সাংসদ ইব্রাহিমকে, থানায় জিডি

সাংসদের তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী এ ডায়েরি করেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 12:37 PM

Updated : 28 Aug 2022, 01:17 PM

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে ফেইসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বিকালে এমপি এইচ এম ইব্রাহিমের তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী রবিউল এইচ ভূঁইয়া এ ডায়েরি করেন।

তাতে উল্লেখ করা হয়, ‘Abdullah Chatkhil’ নামের একটি ফেইসবুক আইডি থেকে এক ব্যক্তি সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে হত্যার হুমকি দেওয়াসহ আজেবাজে ও কুরুচিপূর্ণ পোস্ট ও কমেন্ট করে আসছে। একই আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে বিভিন্ন পোস্ট ও কমেন্ট করা হয়েছে।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের সম্মান রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষুন্ন হয়েছে। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকায় এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাটখিলে বিএনপির সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উস্কানিমূলক বক্তব্যের পর ফেইসবুকে আমাকে হত্যার হুমকি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও আমাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ও কমেন্ট করা হয়। এতেই পরিষ্কার, পোস্টকারী ব্যক্তি বিএনপির কেউ।”

তিনি আরও বলেন, “উনারা ২২ বার নেত্রীকে হত্যার চেষ্টা করেছে। আমাদের মন্ত্রী, এমপিদেরকে তারা এখন হত্যা করে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে।”

ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে ওসি গিয়াস বলেন, আইডিটি কার তা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেবেন তারা।

এদিকে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে সোনাইমুড়ী পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক মো. মাছুম ওরফে মাছুম লাদেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৮ বছর বয়সী মাছুম সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আবুল খায়েরের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ জানান, মাছুম ‘লাদেন’ নামে একটি ফেইসবুক আইডি থেকে ২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রীদের সম্পর্কে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য ও ছবি পোস্ট করে আসছিল।

সোনাইমুড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে ঢাকার নবাবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।