২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ব্যবসায়ীকে ‘কুপিয়ে গুলি করে’ হত্যা

“লোকজন নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে গিয়ে পাল্টা হামলার শিকার হন রিজভী,” বলেন ওসি এমদাদুল হক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 01:44 AM

Updated : 26 Aug 2026, 01:17 PM

নরসিংদী পৌর শহরে এক ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।  

সোমবার রাত ১১টার দিকে পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম রিজভী (৩৬)। তিনি পৌর এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। 

তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিস সংযোগের ব্যবসা করতেন। 

স্থানীয়দের বরাতে নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, রায়পুরার হাসনাবাদ এলাকার ‘সন্ত্রাসী’ তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা করতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার লোকজন। সেখানে পাল্টা হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয় রিজভী। 

ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও বলেন ওসি। 

ওসি বলছেন, রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।