বাগেরহাটে ১৪ মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
“তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
বাগেরহাটের রামপালে নৌ-বাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
শুক্রবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে প্রধান করে গঠন করা ওই কমিটিকে আগামী দশ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন- বাগেরহাটের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিদর্শক।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি।
“জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং বিআরটিএ-এর যৌথ সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। প্রধান করা হয়েছে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে।”
তিনি বলেন, “মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনাটি কিভাবে ঘটল, কার অবহেলায় ঘটল তার সঠিক কারণ অনুসন্ধান করতে এই তদন্ত কমিটি কাজ করবে।”
আগামী দশ কর্মদিবসের মধ্যে কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক গোলাম বাতেন বলেন,“তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
