সীমান্ত দিয়ে ‘পাচারকালে ছিনতাই হওয়া সোনাসহ’ আটক ৩
বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকালে এক পাচারকারীর কাছ থেকে সোনা ছিনতায়ের খবর পায় তারা।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ছিনতাই হওয়া সোনাসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে উপজেলার নেপারমোড় ও ভালাইপুর এলাকা থেকে ‘পাচার-ছিনতাইকারী’ তিনি যুবককে আটক ও আটটি সোনার বার জব্দ করা হয় বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ব্যাটলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে মহেশপুরের নেপাড়মোড় এলাকায় এক পাচারকারীর কাছ থেকে সোনার বার ছিনতায়ের খবর আসে।
সঙ্গে সঙ্গে বিজিবির টহলদল অভিযান চালিয়ে প্রথমে আকিমুল হক নামের সোনা পাচারকারীকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আকিমুল বিজিবিকে জানান, এক যুবকের পরিকল্পনায় আরেক যুবক তার কাছ থেকে আটটি সোনার বার ছিনতাই করে।
আকিমুলের দেওয়া তথ্যে, বিজিবি অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত এনামুল ও আহসান হাবিব নামের দুই যুবককে ভালাইপুর এলাকা থেকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের ৪৬৬ গ্রাম ওজনের আটটি সোনার বার জব্দ করা হয়। যার মূল্য ৩৮ লাখ ৭৭ হাজার টাকা।
মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন জানান, ওই তিন যুবকের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
