খাগড়াছড়ির অবৈধ সব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা
৪৯টি ইটভাটার মধ্যে ৩১টি আগে থেকেই বন্ধ ছিল; বৃহস্পতিবারের অভিযানে বাকিগুলো বন্ধ করে দেওয়া কথা জানিয়েছে জেলা প্রশাসন।
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী খাগড়াছড়ি জেলার অবৈধ সব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে মাটিরাঙা, রামগড়, সদর উপজেলা, পানছড়ি, গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে ১৮টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয় বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
তিনি বলেন, “হাই কোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়িতে সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু করা হয়। দিনব্যাপী অভিযানে সব ভাটা বন্ধ করা হয়।
“অভিযান শেষে আগামী ১৭ মার্চ হাই কোর্টে প্রতিবেদন দাখিল করা হবে। এ জেলায় ৪৯টি ইটভাটার মধ্যে ৩১টি আগে থেকেই বন্ধ ছিল। আজকের অভিযানে ১৮টি ইটভাটা বন্ধ করে দেওয়া হল।”
এর আগে বিভিন্ন উপজেলায় একাধিক অভিযান চালিয়ে ইটভাটা মালিককে জরিমানা ও অস্থায়ীভাবে বন্ধ করা হলেও, এবার সবগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
