২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুর্গাপূজার মেলায় ছুরি মেরে কিশোরকে হত্যা

ফুচকার দোকানের ক্রেতা ডাকাডাকিকে কেন্দ্র করে উভয়ে বিবাদে জড়ায়।

গোপালগঞ্জে দুর্গাপূজার মেলায় ছুরি মেরে কিশোরকে হত্যা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2022, 11:20 AM

Updated : 05 Oct 2022, 11:20 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার মণ্ডলবাড়ী পূজা মণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান।

নিহত রিশাদ শেখ (১৪) উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামের ইউনুচ শেখের ছেলে।

এ ঘটনায় আটক আজিজ (১৯) একই গ্রামের বাসিন্দা। রিশাদ ও আজিজ ‘মায়ের দোয়া চটপটি ও ফুচকা হাউসের’ কর্মচারী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল মনসুর জানান, মণ্ডলবাড়িতে দীর্ঘ বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে । মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। সেখানে ক্রেতা ডাকাডাকি নিয়ে ‘মায়ের দোয়া চটপটি ও ফুচকা হাউজের’ রিশাদ ও আজিজ বিবাদে জড়িয়ে পড়ে।

“একপর্যায়ে আজিজ তার সহকর্মী রিশাদকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে রিশাদের মৃত্যু হয়।“

ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিশাদের মা রহিমা বেগম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।