ব্রাহ্মণবাড়িয়ায় ফের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ঘোষণা অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচার কাজে আইনজীবীরা অংশ নেবেন না।
দাবি পূরণ না হওয়ায় ফের ব্রাহ্মণবাড়িয়ার সবকটি আদালত বর্জন কর্মসূচি দিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার দুপুরে সাধারণ সভা করে জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচি ঘোষণা করে বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানবীর ভূইয়া জানান।
ঘোষণা অনুযায়ী বুধবার থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালতের কোনো এজলাসে বিচার কাজে অংশ নেবেন না আইনজীবীরা।
জেলা ও দায়রা জজ শারমির নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন আইনজীবীরা।
সর্বশেষ কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন।
জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এবং নাজির মোমিনুল ইসলামের অপসারণ দাবিতে গত ৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সব আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা।
এক পর্যায়ে সবকটি আদালতের বদলে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেয় আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সভাপতি তানবীর ভূইয়া জানান, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুইটি আদালত বর্জনের কর্মসূচি বাড়ানো হয়েছিল। তবে আইনজীবীদের দাবি পূরণ না হওয়ায় আবার নতুন করে সকল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।
আরও পড়ুন
আল্টিমেটাম রেখে' রোববার আদালতে ফিরছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা
