২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ২০ নেতাকর্মী গ্রেপ্তার

ওসি বলেন, “২০২২ সালের একটি মামলায় তারা সন্দেহভাজন ছিলেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ২০ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতাকর্মী।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 09:13 PM

Updated : 30 Jul 2023, 09:13 PM

কিশোরগঞ্জে নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রোববার জেলা সদর থেকে ১৩ জন এবং শনিবার বিভিন্ন উপজেলা থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ সাংবাদিকদের বলেন, সকালে জেলা শহরের একরামপুরের করগাঁও বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। মিছিলের আড়ালে তারা নাশকতার চেষ্টা করছিলেন।

এ সময় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালিদ হাসান জুম্মন, জামায়াতে ইসলামীর সদর উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল ওয়াহাব, ছাত্রশিবির বাজিতপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা উত্তর শাখার সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, ছাত্রশিবির পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান সাকিব, কিশোরগঞ্জ সদরের দানাপাটুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মাওলানা মো. নূর নবী, জামায়াত কর্মী মো. আব্দুর রহমান, মো. আবু সালেহ, মো. মোখলেছ, মো. ইয়াছিন, ফাইজ উদ্দিন টুটুল, মো. মিজান মিয়া ও মো. জিল্লুর রহমানকে আটক করা হয়।

ওসি বলেন, “২০২২ সালের একটি মামলায় তারা সন্দেহভাজন ছিলেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

এ ছাড়া শনিবার নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কুলিয়ারচর উপজেলার আমির মাওলানা রফিকুর রহমান, হোসেনপুর উপজেলার কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম, বাজিতপুরের পিরিজপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, নিকলী উপজেলা জামায়াতের সদস্য মতিউর রহমান ও হাফিজুর রহমান।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু এবং অষ্টগ্রাম থানার ওসি মুর্শেদ জামান তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

তবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলার আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও অন্যান্য দাবিতে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। পুলিশ বিনা কারণে আমাদের মিছিলে বাধা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।”