২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরকে চাপা দিয়ে বাইক থেকে ছিটকে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

মোটরসাইকেল থেকে পড়ার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার চাপা দেয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 12:37 PM

Updated : 05 Jan 2023, 01:14 PM

গাজীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের সাটিয়াবাড়ি এলাকায় বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জমান জানান।

নিহত ২২ বছর বয়সী মো. মেহেদী হাসান রাহাত শ্রীপুর পৌর শহরের সাব-রেজিস্ট্রি অফিস এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহত মোটর সাইকেল চালক সাইদুর রহমানও (২৩) ছাত্রলীগ কর্মী। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মাহবুব হাসান জানান, বুধবার গাজীপুর শহরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে জেলা ছাত্রলীগ। অনুষ্ঠানে শেষে রাহাত ও সাইদুর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

“পথে শ্রীপুর-রাজাবাড়ি সড়কের সাটিয়া বাড়ি এলাকায় একটি কুকুর তাদের বহনকারী মোটরসাইকেলের নিচে চাপা পড়লে রাহাত ও সাইদুর ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি রাহাতকে চাপা দিয়ে পালিয়ে যায়। “

পরে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজন্দ্রেপুর এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন বলে জানান মাহবুব।

ওসি মনিরুজ্জমান বলেন, “সাইদুর ও রাহাতের মোটরসাইকেলের সামনে দিয়ে একটি কুকুর দৌঁড়ে যাচ্ছিল। এ সময় সাইদুর দ্রুত ব্রেক কষলে মোটরসাইকেলের পেছনে বসা রাহাত ছিটকে পড়ে যান। আর সাইদুর কিছুদূর গিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান।

“এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকার রাহাতকে চাপা দিয়ে চলে যায়।”

রাহাতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।