কুষ্টিয়ায় ভ্যানে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
ভ্যানে করে বাবার বাড়ি থেকে মিরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন জেসমিন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকচাপায় ভ্যানের যাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত জেসমিন (৩০) মিরপুর পৌরসভার তালতলা এলাকার ফজলু মণ্ডলের মেয়ে ও গাংনীর কুয়াতলা গ্রামের বাসিন্দা লিপুর স্ত্রী।
ওসি রফিকুল জানান, শনিবার দুপুরে জেসমিন ভ্যানে করে বাবার বাড়ি থেকে মিরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে জেসমিন ছিটকে রাস্তার উপর পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ভ্যানের তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ট্রাকটি আটক করা যায়নি বলেও জানান ওসি।
