১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাশিমপুর কারাগারের বন্দি ফারমার্স ব্যাংকের গাজী সালাহউদ্দিনের মৃত্যু

সালাহউদ্দিন ফারমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট প্রধান ছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 09:24 AM

Updated : 21 Sep 2022, 09:47 AM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি ও দুদকের মামলায় সাজাপ্রাপ্ত ফারমার্স ব্যাংকের কর্মকর্তা গাজী সালাহউদ্দিন মারা গেছেন।

মঙ্গলবার গভীর রাত পৌনে ৩টার দিকে তাকে অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান। 

গাজী সালাহউদ্দিন (৬২) দি ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট প্রধান ছিলেন। তার কয়েদি নম্বর ৭৫৭৫/এ। তার পরিবার ঢাকার মোহাম্মদপুরের ২১২ শেরশাহ গলি রোডের বাসিন্দা। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার আদালতপাড়ায়।

আমিরুল ইসলাম বলেন, গাজী সালাউদ্দীন দুদকের একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে করাগারে বন্দি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলেন। 

“রাত পৌনে ২টার দিকে গাজী সালাউদ্দীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জরুরিভাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ২টা ৪০ মিনিটের দিকে গাজী সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন।”

আমিরুল আরও জানান, বুধবার হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।