আওয়ামী লীগ নেতাকে লংগদুর চেয়ারম্যানের পিটুনির অভিযোগ
আব্দুল বারেক সরকার বেলালের সঙ্গে বাক বিতণ্ডাতায় জড়ান; এক পর্যায়ে ‘চড়-থাপ্পড় মারতে থাকেন’।
রাঙামাটির লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় এক আয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর এই ঘটনা ঘটে বলে উপস্থিত আওয়ামী লীগ নেতারা জানিয়ছেন।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
আহত আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলাল হোসেন লংগদুর মাইনীমুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন আলী বলেন, তিনি ও বেলাল উপজেলা পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার সেখানে এসে বেলালের সঙ্গে বাকবিতণ্ডাতায় জড়ান এবং এক পর্যায়ে বেলালকে চড়-থাপ্পড় মারতে থাকেন।
“আমরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে তিনি পায়ের জুতা দিয়ে বেলালকে মারেন। ঘটনার আকস্মিকতায় আমরা সবাই হতবাক। এরপর আমরা বেলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
বেলাল হোসেন বলেন, ২০১৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সেই কমিটির তিনি নির্বাচিত সাধারণ সম্পাদক। তখন চেয়ারম্যান আব্দুল বারেক সরকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তখন তিনি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি তার নিজের বাড়িতে বসে করেন। সেখানে অনেক পুরনো সদস্যকে রাখা হয়নি।
“মাইনীমুখের হাজাছড়া এলাকার নুরুল ইসলাম নামের এক বয়স্ক কর্মীকেও সেই কমিটিতে রাখা হয়নি। তাকে কেন কমিটিতে রাখা হয়নি তা আমার কাছে জানতে চাইলে আমি বলেছি কমিটি বারেক সরকার তার বাড়িতে বসে করেছেন। আমাদের সাথে কোনো পরামর্শ করেননি।
“হয়তো এই কথা বারেক সরকার শুনেছেন; তাই তিনি ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয়েছেন।”
ঘটনার সময় রাঙামাটিতে অবস্থান করছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
এ বিষয়ে বাবুল দাশ বাবু জানান, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা বেলালের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে গত ফেব্রয়ারিতে দলীয় সভাপতির পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আজকের ঘটনার পর তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা নিতে আমরা জেলা কমিটিকে লিখিত আবদেন করব। তিনি যা করছেন তাতে করে ভবিষ্যতে আওয়ামী লীগ করার মতো আর কোনো পথ রাখেননি। আমরা আমাদের অভিভাবক দীপংকর তালুকদার এমপি মহোদয়কে বিষয়টি অবগত করেছি।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, “আমি কৃষি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা নিয়ে অফিসে ফিরছিলাম। এমন সময় বেলাল ও হোসেন আলী আমার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তখন তাদের সাথে হাতাহাতি হয়। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।”
এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
লংগদু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলের উপজেলা সহসভাপতি আব্দুল আলী, সহসভাপতি হোসেন আলী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানা।
প্রতিবাদ সভায় জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবর হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম খাও উপস্থিত ছিলেন।
