বরগুনায় গাছ চাপায় শতবর্ষী বৃদ্ধার মৃত্যু
আশ্রয়কেন্দ্রে নেওয়ার কথা বললেও বৃদ্ধা যেতে রাজি হননি।
বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবে গাছের নিচে চাপা পড়ে শতবর্ষী বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার রাত সাড় ৮টার দিকে উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হোসেন জানান।
নিহতের নাম আমেনা খাতুন বলে জানিয়েছেন ইউপি সদস্য মাইন উদ্দীন ময়না।
ইউপি সদস্য বলেন, সন্ধ্যার আগেই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমেনা খাতুন ও তার পরিবারের সদস্যদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়। কিন্তু তারা রাজি হননি। এমনকি আমেনা খাতুন তার স্বজনদের ঘরেও যাননি।
আমেনা খাতুন ছোট্ট একটি ঘরে একাই বাস করতেন। ঘরের সঙ্গে থাকা চাম্বল গাছ উপড়ে পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্বজনরা গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।
রাতেই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, সদরের ইউএনও ঘটনাস্থলে যান।
ইউএনও কাওসার হোসেন বলেন, তাৎক্ষণিক আমরা আমেনা খাতুনের বাড়ি গিয়ে বিস্তারিত জেনেছি। তার দাফনসহ সার্বিক সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।
