২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ঝর্ণা হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি

হত্যার সুষ্ঠু তদন্ত ও আসামিদের শাস্তির দাবিতে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নেত্রকোণায় ঝর্ণা হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি

নেত্রকোণার পূর্বধলায় গৃহবধূ ঝর্ণা আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 03:40 PM

Updated : 24 Aug 2023, 06:12 PM

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় গৃহবধূ ঝর্ণা আক্তারকে হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে ঝর্ণার বাবার বাড়ি সদর উপজেলার বাংলা এলাকায় নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন নিহতের স্বামী আলম খান, ছেলে তামিম খান, মামলার বাদী ঝর্ণার ভাই নুরুল আমীন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজা আক্তার ও উজ্জ্বল নাগ।

মানবন্ধনে আলম খান বলেন, ঝর্ণা হত্যা মামলার ১০ আসামির মধ্যে পুলিশের এন্টি টেরোরিজম ময়মনসিংহ ইউনিটের এএসআই ফিরোজ খাঁ থাকায় নিরপেক্ষ তদন্ত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তাদের। সেজন্য তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন।

তিনি বলেন, “জামিনে বেরিয়ে আসামিরা বাদীপক্ষকে হুমকি-ধমকি দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আসামি ফিরোজ খাঁকে বাঁচাতে মামলার তদন্ত কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।”

মানববন্ধনে নিহতের চার সন্তান ও স্বজনরাসহ কয়েকশ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা পূর্বধলা থানার এসআই আমিনুল ইসলাম বলেন, “পূর্ব বিরোধের জেরে ২৭ মার্চ রাতে পূর্বধলা উপজেলার আগমারকেণ্ডা গ্রামে ফিরোজ খাঁ ও তার লোকজন দেশি অস্ত্র দিয়ে ঝর্ণা আক্তারকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে মারা যান ঝর্ণা।”

ঘটনার পরদিন ঝর্ণার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আট আসামি জামিনে ও একজন পলাতক রয়েছেন। কারাগারে রয়েছেন ফিরোজ খাঁ।

মামলার তদন্ত নিয়ে বাদীপক্ষের শঙ্কা প্রসঙ্গে আমিনুল বলেন, “এটি অমূলক ধারণা। সঠিক ও নিরপেক্ষভাবে মামলার তদন্ত চলেছে। একজন খুন হলো। এখানে কে আসামি সেটা বিবেচ্য বিষয় না।”