২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায়ও হাওরে নিখোঁজ যুব ইউনিয়ন নেতার খোঁজ মেলেনি

নৌকার গলুইয়ে বসে বোতল দিয়ে পানি তুলে গোসল করার সময় নদীতে পড়ে নিখোঁজ হন অন্তর।

২৪ ঘণ্টায়ও হাওরে নিখোঁজ যুব ইউনিয়ন নেতার খোঁজ মেলেনি

নিখোঁজ অন্তর চক্রবর্তী।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 07:28 PM

Updated : 12 Aug 2023, 07:53 PM

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে ডুবে নিখোঁজের একদিন পরও যুব ইউনিয়ন নেতার সন্ধান মেলেনি।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকায় ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার।

নিখোঁজ ত্রিশোর্ধ্ব অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি যুব ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক।

এ ছাড়া তিনি রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

একই সঙ্গে ঘুরতে যাওয়া অন্তর চক্রবর্তীর সহকর্মী সুব্রত কুমার দে জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে ১০ জনের একটি দল হাওর এলাকায় ঘুরতে আসে। তারা নিকলী থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে মিঠামইন অলওয়েদার সড়কে যাওয়ার পথে নবনির্মিত সেনানিবাস এলাকা পার হচ্ছিলেন।

তিনি আরও জানান, এ সময় নৌকার গলুইয়ে বসে অন্তর বোতল দিয়ে পানি তুলে গোসল করছিলেন। এ অবস্থায় হঠাৎ তিনি নৌকা থেকে পড়ে ঘোড়াউত্রা নদীতে নিখোঁজ হন।

ওই নৌকায় থাকা যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খুজিস্তা বেগম জোনাকি জানান, অন্তর বোতল দিয়ে নদী থেকে পানি তুলে গোসল করার এক পর্যায়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।

এরপর ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কিশোরগঞ্জ স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

তিনি আরও বলেন, রাতে অভিযান বন্ধ ছিল। এরপর শনিবার সকাল থেকে শুরু করে আবারও সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ করে ডুবুরি দল।

মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ বলেন, ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে অন্তর ভেসে গেছেন। এ কারণে জেলার আশপাশে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে।