বাড়ির বাইরে খেলছিল শিশুরা, পাশের পুকুরে মিলল তিনজনের লাশ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেছে তিন শিশুর।
সোমবার বিকালে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে মধুপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান।
নিহত শিশুরা হচ্ছে, ফুলবাগচালা ইউনিয়নের হরিণমধরা গ্রামের আলামিন মিয়ার ছেলে সোহান মিয়া (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুন মিয়ার ছেলে নাঈম (৫)।
ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ আলী বলেন, সোহান মিয়া তার মায়ের সঙ্গে হাগুড়াকুড়ি গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। দুপুরে প্রতিবেশি আকাশ ও নাঈমের সঙ্গে বাড়ির বাইরে খেলছিল। সেখান থেকে হয়তো সবার অজান্তে পুকুরে চলে গিয়েছিল।
“অনেক খোঁজাখুজির পর বিকালে পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তিনজনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি মাজহারুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
