ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা
পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ।
ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন।
শনিবার দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী অভিযান পরিচালনা করেন বলে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান।
তিনি বলেন, পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় মেসার্স ফরিদপুর বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা এবং মেসার্স আল মদিনা ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একটি খাবার হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে।
সোহেল শেখ আরও বলেন, বাজারে বেশি দামে নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতিকেজি ১১০-১২০ টাকা, পুরাতন হালি পেঁয়াজ প্রতিকেজি ১৫০-১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১০০-১১০ টাকায় বিক্রি করা হচ্ছে। দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালানো হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী বলেন, “বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে। দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।”
