নারায়ণগঞ্জ-২ আসন: সরকারি চিকিৎসকসহ ৫ জনকে শোকজ
সোমবার নোটিশপ্রাপ্ত বা তাদের প্রতিনিধিদের মাধ্যমে কমিটির সভাপতির কক্ষে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থীর স্ত্রী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা আফরোজকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
এ ছাড়া একই আসনে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটনের পোস্টার ছিঁড়ে ফেলায় নৌকার প্রার্থীর সমর্থক এক ইউপি সদস্যসহ চারজনকে কারণ দর্শাতে বলেছে এই কমিটি।
সায়মার স্বামী নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী৷
আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দলীয় মনোনয়নে চতুর্থবারের মতো এ আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হলেন।
রোববার আসনটিতে নির্বাচনি অনুসন্ধান কমিটির সভাপতির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী জজ ধীমান চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানা যায়।
নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন- উপজেলার ফতেহপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, উপজেলার রামচন্দ্রদী ঋষিপাড়া এলাকার নগরবাসী দাস, একই এলাকার মো. দুলাল ও সাদারদিয়া এলাকার দুলাল মিয়া।
চিকিৎসক সায়মার নোটিশে বলা হয়েছে, তিনি তার স্বামীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন। সরকারি কর্মকর্তা হয়েও কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৭ (১) ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
সরকারি কর্মকর্তা হয়েও সায়মা আফরোজের নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
সেখানে আরও বলা হয়, সায়মা আফরোজের এমন কাজের জন্য কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না সে বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
পোস্টার ছেঁড়ার বিষয়ে জবাব চেয়ে পাঠানো নোটিশ বলা হয়েছে, নোটিশপ্রাপ্ত চারজন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার ওরফে লোটনের কিছু ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭ (১) খ অনুচ্ছেদের লঙ্ঘন। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সোমবার জবাব দিতে বলা হয়েছে।
সোমবার নোটিশপ্রাপ্তদের বা তাদের প্রতিনিধিদের মাধ্যমে কমিটির সভাপতির কক্ষে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শোকজের ব্যাপারে জানতে সায়মা আফরোজকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে এর আগে শুক্রবার এ বিষয়ে সায়মা আফরোজ বলেছিলেন, “আমি শুধু একজন সরকারি কর্মকর্তা না, আমি একজনের স্ত্রীও৷ প্রচারে অংশ নিয়েছি সংসদ সদস্যের স্ত্রী হিসেবে৷”
আরও পড়ুন:
