২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়

ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটল, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 03:21 PM

Updated : 27 Oct 2026, 03:21 PM

রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের বড় এলাকা বিদ‍্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে ঢাকার পূর্ব অংশ এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। এ সময় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এবং বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ ছিল না।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মহাখালী, মতিঝিল, মগবাজার, বনশ্রী, খিলগাঁও এলাকা বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে।

চট্টগ্রামের কিছু অংশ এবং নরসিংদীর বিভিন্ন এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ চলে যায়। পরে বেলা আড়াইটার দিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করে।

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইতোমধ্যে অধিকাংশ এলাকার সংযোগ স্বাভাবিক করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও খুব কম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।”

তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটল, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় একটি অংশ প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকে।

তার আগে ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল সারা দেশে।