মান্দায় প্রয়াত ৩ সাংবাদিকের পরিবার পেল আর্থিক সহায়তা
জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
জেলা মান্দায় প্রয়াত তিন সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাস্টি বোর্ড।
সোমবার দুপুরে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় বোর্ড আয়োজিত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনীতে এ সহায়তা দেওয়া হয়।
দৈনিক ভোরের কাগজের প্রয়াত উপজেলা প্রতিনিধি আব্দুস সাত্তারের পক্ষে তার স্ত্রী নাদিয়া বেগম, ভোরের ডাকের প্রয়াত সাংবাদিক আক্তার হোসেনের পক্ষে তার বাবা ছামেদ আলী নগদ ৫ হাজার টাকা করে সহায়তা গ্রহণ করেন।
দৈনিক আমাদের রাজশাহীর প্রয়াত সাংবাদিক হোসেন আলীর পরিবারের কেউ উপস্থিত হতে না পারায় তার বাড়িতে সহায়তার টাকা পৌঁছে দেওয়া হয়।
মান্দা উপজেলার সদস্যসচিব আব্দুল মজিদ সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সরদার মেহেদী হাসান।
তিনি বলেন, “উপজেলার প্রয়াত তিন সাংবাদিক পরিবারকে সামান্য আর্থিক সহায়তা দিয়ে যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ আগামীতে জেলার ১১ উপজেলার অসুস্থ ও প্রয়াত সাংবাদিকদের পাশে থাকবে এ বোর্ড।”
বোর্ডের সদস্যসচিব সাদেকুল ইসলাম বলেন, “কারও সহযোগিতা ছাড়াই বোর্ডের চেয়ারম্যান প্রয়াত ওই তিন সাংবাদিকের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামীতে আরও বড় পরিসরে আর্থিক সহায়তা দিয়ে সংবাদকর্মীদের পাশে থাকবে এ ট্রাস্টি বোর্ড।“
এ সময় নওগাঁর বিভিন্ন উপজেলার প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
