ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে ওই যুবককে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কক্সবাজারে উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ ঘর থেকে তুলে নিয়ে এক রোহিঙ্গা যুবককে গুলি করে খুন করা হয়েছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুপালং ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফয়সাল (২৮) ওই ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ওসি শামীম বলেন, “রাত ১০টার দিকে একদল অজ্ঞাত সন্ত্রাসী মুখ বেঁধে ফয়সালকে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে ওই ক্যাম্পের ডি-৮ নম্বর ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়।”
তিনি আরও বলেন, খবর পেয়ে ভোরে থানা ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, “কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।”
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
