২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলার পুলিশ মিলে বিরোধ মেটানোর পরও বরিশালের মুলাদীতে ফের খুন

গত জুলাইয়ে বরিশালের পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার ও শরিয়তপুরের পুলিশ সুপারের উপস্থিতিতে দুপক্ষের ১০ জন একটি স্ট্যাম্পে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

৩ জেলার পুলিশ মিলে বিরোধ মেটানোর পরও বরিশালের মুলাদীতে ফের খুন

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 06:04 PM

Updated : 03 Jan 2024, 06:04 PM

তিন জেলার পুলিশ মিলে সম্প্রীতির সমাবেশ করেও বরিশালের মুলাদী উপজেলার একটি গ্রামের দুপক্ষের বিরোধ মেটাতে পারেনি।

সম্প্রীতি সমাবেশের মাস ছয়েকের মাথায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে আবারো হত্যার ঘটনা ঘটেছে গ্রামটিতে।

বুধবার সকালে উপজেলার টুমচর গ্রামে প্রতিপক্ষ একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বলে মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানান।

হত্যার শিকার মো. রুবেল শাহ (৪০) গ্রামটির প্রয়াত সেকান্দার শাহর ছেলে।

ওসি জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে হাজী গ্রুপ ও আকন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত জুলাইয়ে বরিশাল, মাদারীপুর ও শরিয়তপুর জেলা পুলিশ দুপক্ষকে নিয়ে সম্প্রীতির সমাবেশ করে।

ওই সমাবেশে বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম ও শরিয়তপুরের পুলিশ সুপার মাহবুব আলম ছিলেন।”

তাদের উপস্থিতিতে দুপক্ষের ৫ জন করে ১০ জন একটি স্ট্যাম্পে শান্তি চুক্তি করেন।

সমাবেশে দু’পক্ষের ৩০ জন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে বিরোধ মিটিয়ে ফেলার ঘোষণা দেন।”

ওসি আরও বলেন, “বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে রুবেল শাহ জাগরণী বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষের ১০/১৫ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা রুবেল শাহকে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যান। তখন অন্য গ্রামের লোকজন এসে উদ্ধার করে মাদারীপুর উপজেলা কালকিনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, “কালকিনী থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে রুবেলের লাশের ময়নাতদন্ত করবে। এ ঘটনায় মুলাদী থানায় হত্যা মামলা হবে।”

তিনি আরো জানান, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

স্থানীয় বাসিন্দা স্কুলশিক্ষক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধের জের  ধরে এখন পর্যন্ত উভয় পক্ষের ১০/১২ জন হত্যার শিকার হয়েছেন। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অগণিত মামলা করেছে।

“গত ২২ জুলাই জাগরণী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন জেলার পুলিশ দুপক্ষকে মিলিয়ে দেওয়ার পরও আবার খুনের ঘটনা ঘটল।”

তিনি বলেন, প্রতিপক্ষের ১০/১৫ জন ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে কুপিয়ে রুবেলকে হত্যা করেছে।