পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড
মিছিল করতে না পেরে বিএনপি কার্যালয়ের সামনে পথসভা করে তারা।
ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণের সময় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে পুলিশি বাধার মুখে তা পণ্ড হয়ে গেলে বিএনপি কার্যালয়ের সামনে পথসভা করে তারা ।
পথসভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
পথসভার বক্তব্যে বক্তারা বলেন, কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ করা সহযোদ্ধা নয়ন মিয়া ছাড়াও ভোলাসহ বিভিন্ন জায়গায় কয়েকজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। আর কত রক্ত দিলে এই বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে আমাদের জানা নাই।
তারা বলেন, পুলিশ ছাত্রদলকে রাজপথে নামতে দিচ্ছে না। এভাবে ছাত্রদলকে বেশিদিন ঘরে আটকে রাখা যাবে না। এরপরে ছাত্রদলের কোনো কর্মসূচি বাধা দিয়ে আটকে রাখা যাবে না।
শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির মধ্যে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন (২২) গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশের গুলিতে নয়নের মৃত্যু হয়েছে বলে ছাত্রদল দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করেনি।
আরও পড়ুন
